নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁদের দায়িত্ব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা, জনদুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করতে ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক আবু সুফিয়ান, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








