বর্ষার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ চলনবিল। জলরাশি সরে গিয়ে জেগে উঠেছে ফসলের মাঠ। রবি মৌসুমকে সামনে রেখে সরিষা চাষের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পাবনাসহ চলনবিল অঞ্চলের হাজারো কৃষক। কোথাও চলছে জমি চাষ ও মই দেওয়া, কোথাও আগাছা পরিষ্কার, আবার কোথাও শুরু হয়েছে আগাম জাতের সরিষার বীজ বপন।
পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাসহ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর এবং নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার চলনবিলসংলগ্ন এলাকায় সরিষা চাষের প্রস্তুতি চলছে পুরোদমে। সময়মতো পানি নেমে যাওয়ায় এবার অনেক অনাবাদি জমিও চাষের আওতায় আসবে বলে আশা করছেন কৃষকেরা।
চলনবিলের মাটি সরিষা চাষের জন্য বেশ উপযোগী। তুলনামূলক কম খরচে স্বল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায়। পাশাপাশি সরিষা কাটার পর একই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকায় কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তেলজাতীয় এ ফসল। সরিষার খৈল গবাদিপশুর খাদ্য ও জৈব সার হিসেবেও ব্যবহার করা যায়।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের কৃষক মো. আয়নাল সরদার বলেন, “এ বছর সময়মতো জমি থেকে পানি নেমে যাওয়ায় সরিষা চাষের প্রস্তুতি নিতে পেরেছি। আগাম সরিষা বপন করছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাব বলে আশা করছি। এতে সরিষা বিক্রির পাশাপাশি পরিবারের ভোজ্যতেলের চাহিদাও কিছুটা পূরণ হবে।”
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ রবি মৌসুমে পাবনা জেলায় ৪৫ হাজার ২ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৩৭৮ মেট্রিক টন।
গত ২০২৫-২৬ রবি মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ হাজার ৮২ হেক্টর। ওই মৌসুমে আবাদ হয়েছিল ৪২ হাজার ৫৪৫ হেক্টর জমিতে। সে হিসাবে চলতি মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা গত মৌসুমের বাস্তব আবাদি জমির তুলনায় ২ হাজার ৪৫৭ হেক্টর বেশি।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, “চলনবিল অঞ্চলের মাটি সরিষা চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের উন্নত জাতের সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি সময়মতো বীজ বপন, সুষম সার প্রয়োগ ও প্রয়োজনীয় পরিচর্যার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করলে সরিষার উৎপাদন বাড়বে এবং কৃষকেরা লাভবান হবেন।”
কৃষি বিশেষজ্ঞদের মতে, সরিষার ভালো ফলন পেতে সময়মতো বীজ বপন, সুষম সার প্রয়োগ এবং জমিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখা জরুরি। বিশেষ করে ফুল ও ফল ধরার সময় জমিতে পানি জমে থাকলে ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পানি নিষ্কাশনের দিকেও নজর দিতে হবে। পাশাপাশি মৌমাছিসহ পরাগায়নে সহায়তাকারী পোকামাকড়ের উপস্থিতি ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে বর্ষার পানি সরে যাওয়ার পর চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে নতুন ফসলের প্রস্তুতি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন হবে—এমন প্রত্যাশায় বুক বেঁধেছেন কৃষকেরা। সরিষার উৎপাদন বাড়লে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








