ইউরোপের দেশ গ্রিসে গিয়ে নিজেদের ও পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় ও লাখাই উপজেলার এক তরুণ। কিন্তু দালালের প্রলোভনে পড়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তাঁদের সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার অন্ধকারে। নৌকাডুবির ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ছয় যুবক। নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান মেলেনি। সন্তানদের জীবিত ফিরে পাওয়ার আশায় উৎকণ্ঠা ও কান্নায় দিন কাটছে পরিবারগুলোর।
নিখোঁজ যুবকদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর দালাল চক্রের মাধ্যমে একটি ভঙ্গুর প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন সাত যুবক। তাঁদের মধ্যে ছয়জন মাধবপুর উপজেলার এবং একজন লাখাই উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন—মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মাসুম মিয়া, পাবেল মিয়া, আতাউর মিয়া, কাউড়া গ্রামের আলমগীর মিয়া, বাঘাসুরা গ্রামের নাঈম মিয়া, ছাতিয়াইন ইউনিয়নের সাগর মিয়া এবং লাখাই উপজেলার আবুল মিয়া।
সাত যুবকের মধ্যে পুরাইকলা গ্রামের মাসুম মিয়া প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। মাসুমের পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁদের বহনকারী প্লাস্টিকের নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। সাগরের মাঝপথে হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা উত্তাল সাগরে পড়ে যান। এ সময় মাসুম ঢেউয়ের সঙ্গে ভেসে থাকেন। টানা দুই দিন পর অচেতন অবস্থায় সাগরের তীরে পৌঁছান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গ্রিসে পৌঁছাতে সক্ষম হন।
মাসুমের কাছ থেকে নৌকাডুবির ভয়াবহ অভিজ্ঞতার কথা জানার পর নিখোঁজ বাকি ছয় যুবকের পরিবারে উদ্বেগ আরও বেড়েছে। তাঁরা সাগরে ডুবে গেছেন, নাকি কোথাও জীবিত আছেন—এমন প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনেরা। গত ১৫ দিন ধরে তাঁদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গ্রিসে পৌঁছে দেওয়ার কথা বলে দালাল চক্র প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে। জমিজমা বিক্রি ও চড়া সুদে ঋণ করে এসব টাকা জোগাড় করেছিলেন তাঁরা। অথচ এখন সন্তানদের জীবিত থাকার কোনো নিশ্চয়তাও পাচ্ছেন না। দালালদের কাছ থেকেও কোনো সহযোগিতা মিলছে না বলে অভিযোগ তাঁদের।
পুরাইকলা গ্রামের পাবেল মিয়ার বাবা নুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এমন জানলে ভিক্ষা করে খেতাম, ছেলেকে বিদেশ দিতাম না। এখন ছেলে জীবিত না মৃত, কোনো খোঁজ পাচ্ছি না। সরকার সহযোগিতা না করলে আমরা কই যামু?”
নাঈম মিয়ার বাবা হবিব মিয়া বলেন, “আজ ছেলের চিন্তায় সবকিছু হারাতে বসেছি। ছেলেকে আর দেখতে পারব কি না, আল্লাহ জানেন। দালালদের কাছ থেকেও কোনো সহযোগিতা পাচ্ছি না।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, নিখোঁজ যুবকদের সন্ধান পেতে তাঁদের পরিবারের সদস্যদের যথাযথ প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আনুষ্ঠানিক আবেদন পাওয়া গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের খোঁজ নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাধবপুরের বিভিন্ন গ্রাম। কেউ সন্তানকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন, কেউবা অন্তত তাঁর শেষ পরিণতি জানতে চান। নিখোঁজ ছয় যুবকের সন্ধানে দ্রুত কার্যকর উদ্যোগ এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








