মাদক মামলায় হাজিরা দিতে আবারও আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এ সময় সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও অসদাচরণের অভিযোগ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েই তিনি প্রতিক্রিয়া দেখান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমনি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত ৫ নভেম্বরের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি।
তিনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক, করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করল এরকম করে যে—আমি কিন্তু সাংবাদিক। তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’
এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের একটি মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন পরীমনি। সেদিন এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই সাংবাদিককে টেনে নেওয়া ও মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। পরীমনি দাবি করেন, ওই সাংবাদিক তাঁকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। উচ্চ আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








