দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল যুবদলের তিনটি ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা যুবদলের নতুন কমিটিতে স্থান পেয়েছেন নতুন মুখেরা। বাদ পড়েছেন আগের কমিটিতে দায়িত্ব পালন করা একাধিক আলোচিত নেতা। পুরোনো নেতৃত্বের অনেকেই নতুন কমিটিতে পদপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত তাঁদের জায়গা হয়নি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ। সিনিয়র সহসভাপতি হয়েছেন তৌহিদুর রহমান তৌহিদ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন শহিদুল হাসান আনিস। সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না। এ ছাড়া প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল কবির রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিকুর রহমান অভি।
অন্যদিকে, পাঁচ সদস্যের বরিশাল দক্ষিণ জেলা যুবদলের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মো. হাবিবুল্লাহ। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ বেলায়েত হোসেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইউসুফ খান রনি।
এদিকে দুই সদস্যের বরিশাল উত্তর জেলা যুবদলের কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম জনি।
নতুন নেতৃত্ব প্রসঙ্গে যুবদলের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দীন রুবেল বলেন, সবকিছু মিলিয়ে বরিশাল যুবদলে নতুন নেতৃত্ব এসেছে। দলের দুর্দিনে এসব নেতা-কর্মী মাঠে সক্রিয় ছিলেন। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তবে বরিশাল যুবদলের তিনটি ইউনিটই ভালো করবে বলে তিনি প্রত্যাশা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের শেষ দিকে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। রাজনৈতিক নানা পরিবর্তন ও সাংগঠনিক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে প্রায় ১০ বছর পার করেছে পুরোনো কমিটিগুলো। এর মধ্যে আগের কমিটির একাধিক নেতা নতুন করে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার প্রত্যাশা করলেও তাঁদের বাদ দিয়েই তিন ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








