২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরিষা, মসুর ও খেসারি ফসলের জন্য এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমসহ উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।
কৃষি প্রণোদনার এ উদ্যোগের ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








