ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ডিএমপি উপ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
তবে কোন হত্যা মামলা বা এ মামলার বাদী কে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
এর আগে সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গুলশান থানা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে, দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’’
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরের দফায় তিনি মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








