নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে মোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) সংলগ্ন এলাকা ও হাজীপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১২(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় এসব অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার আহমাদউল্লাহ। এ সময় জেলা পুলিশ নরসিংদী অভিযানে সার্বিক সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানায়, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








