কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক ও সহপ্রচার সম্পাদক অনিক ফেরদৌস।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








