ঝিনাইদহের মহেশপুরে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের প্রচারপত্র, ব্যানার ও পোস্টারে অনুমতি ছাড়াই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নাম ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মাহফিলের প্রচারণায় আয়োজক কমিটি স্থানীয় বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহসভাপতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতার নাম তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, আয়োজক কমিটির সঙ্গে বিএনপির নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের অজান্তে ও অনুমতি ছাড়া ব্যানার-পোস্টারে নাম ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান খান বাবু, সহসভাপতি অমেদুল ইসলাম মাস্টার, সহসাধারণ সম্পাদক আসলাম পারভেজ ও মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ শিমুল, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতারা তাদের অনুমতি ছাড়া নাম ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে পোস্টার, ব্যানার ও প্রচারপত্র থেকে বিএনপি নেতাদের নাম ও ছবি প্রত্যাহার এবং এ ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








