জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা, জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) পক্ষ থেকে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরা হয়।
এ সময় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত ক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ও সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এতে বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাইয়ের জন্য সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে ডিপিডিসিকে তাদের প্রস্তুত করা কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








