দিনাজপুরের পার্বতীপুর গ্রামীণ ব্যাংকের ভবের বাজার শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে ব্যাংক ভবনটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ভবের বাজার এলাকার রোস্তমনগরে এ ঘটনা ঘটে।
অগ্নিসংযোগের সময় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান স্বপরিবারে সেই ভবনের দোতলায় ও নৈশ প্রহরী নিচ তলায় ঘুমাচ্ছিলেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মুখোশধারী দুই যুবক ঘটনাস্থলে এসে পেট্রোল ও মবিল মিশ্রিত কাপড় ভিজিয়ে লাঠির মাথায় বেঁধে ভবনের নিচ তলার গ্রিলের ফোঁকর দিয়ে ভবনের বিভিন্ন অংশে আগুন লাগানোর চেষ্টা করে। এতে নিচ তলার ইলেকট্রিক ওয়্যারিং এর তার, সুইচ বোর্ড, স্যালিং ভ্যান, কার্ডের আসবাবপত্র ও কাগজের কার্টুন পুড়ে যায়।
এ সময় নিরাপত্তা প্রহরী জাহিদুল ইসলাম (৫৪) টের পেয়ে ডাকচিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে পানি ছিটিয়ে আগুন নেভান তিনি। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বোমা সৃদশ্য বস্তু ফেলে যায়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় তারা বোমা সদৃশ বস্তুদুটি উদ্ধার ও জব্দ করেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে এরিয়া ম্যানেজার দেবব্রত মন্ডল জানান, অগ্নিসংযোগের ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’’ এ ঘটনায় জড়িতদের ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে, ঘটনার প্রকৃত চিত্র দ্রুত উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









