নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেত থেকে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব-খাজুর পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ হোসেন উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রাস্তার পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে মহাদেবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে এরশাদ জিগাতলা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ধানক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘প্রাথমিকভাবে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








