নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের নেতৃত্বে মিছিল ও শোডাউন বের করা হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বিদ্যালয় মাঠে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে আরিফুর রহমান কাঞ্চন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। কটিয়াদীতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সতর্ক রয়েছেন।
অন্যান্য নেতাকর্মীরা বলেন, কর্মসূচির নামে কেউ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।
উল্লেখ্য, আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর সকাল-সন্ধ্যা ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এ কর্মসূচির প্রতিবাদে কটিয়াদীতে এ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








