মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এই অভিযান চালানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবা চলাকালীন ওয়ার্ডের সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতালে পান-সুপারি না খাওয়ার বিষয়ে নিয়মিত মাইকিং করে সচেতন করা হয়। কিন্তু এরপরও রোগী ও তাদের স্বজনেরা পান-সুপারি খাওয়া থেকে বিরত থাকেননি। অনেকেই পান খেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে পিক ও চুন লাগিয়ে পরিবেশ নষ্ট করছিলেন, যা অন্যান্য রোগীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালে কোনো রোগীর স্বজন যেন পান-সুপারি সঙ্গে না আনেন, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ‘‘হাসপাতালের পবিত্রতা ও পরিচ্ছন্ন পরিবেশ রক্ষার জন্যই আমরা এই অভিযান পরিচালনা করেছি। এর আগে হাসপাতালে আগত রোগীদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। কিন্তু বারবার বলার পরও তারা সচেতন হননি। বাধ্য হয়ে আজ এই অভিযান চালাতে হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









