কুমিল্লার চৌদ্দগ্রামে বিষপানের দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নার্গিস আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি বিষপান করেন বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগ তুলেছেন স্বজনেরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন।
নিহত নার্গিস উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। চার বছর আগে পাঁচরা গ্রামের শহিদ মিয়ার ছেলে মাহফুজের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মামা সাদ্দাম হোসেনের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মাহফুজ, শাশুড়ি শ্যামলা বিবি, দেবর মারুফ ও শ্বশুর শহিদ মিয়া বিভিন্ন সময় নার্গিসকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন এবং যৌতুকের জন্য চাপ দিতেন। ঘটনার আগের রাতেও স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
সাদ্দাম হোসেন জানান, নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সকালে নার্গিস বিষপান করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের আত্মীয় আবু বক্কর ও মোশারফ হোসেন বিপু জানান, মৃত্যুর দুই দিন আগে শাশুড়ি, জামাই ও ননদের সঙ্গে নার্গিসের ঝগড়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









