‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জ্ঞানের আলোয় আলোকিত করো আগামীর পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কলেজের সবুজ ছায়াঘেরা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুর রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তারিকুজ্জামান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জহুরুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আবু মুসা ও সামিউল হাসান সাইফ। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান সওয়াদ নবাগতদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্য দেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ও ২০২৬-২৭ শিক্ষাবর্ষের তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক এবিএম কাইসার রেজা।
বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। তাই নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্বপ্নপূরণে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সামিনা ইয়াসমিন চুমকী ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মালা পাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









