একুশ শতকের কূটনীতির ইতিহাসে খুব অল্প কথায় এতটা অপমানের ঘটনা কমই ঘটেছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে বলেছিলেন, ‘আঞ্চলিক শক্তি’। কথাটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এর অপমান ছিল গভীর।
স্নায়ুযুদ্ধের অবসানের পর বিশ্বপরাশক্তির মর্যাদা হারানোর ক্ষোভ পুতিনের রাজনীতিকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করেছে। তার ধারণা, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও ন্যাটো রাশিয়াকে অপমান ও দুর্বল করার চেষ্টা চালিয়ে গেছে। ক্রেমলিনে বসে পুতিন নিজেকে বিশ্ব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চান। ওবামার সেই মন্তব্যে রাশিয়াকে আন্তর্জাতিক রাজনীতির দ্বিতীয় সারির শক্তি হিসেবে দেখানো হয়েছিল। পুতিনের কাছে সেটি ছিল বড় অপমান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। ক্ষমতা সম্পর্কে ট্রাম্পের ধারণা অনেকটাই বাহ্যিক জৌলুশ ও শক্তি প্রদর্শননির্ভর। সোনালি প্রাসাদ, সামরিক শক্তির প্রদর্শনী কিংবা কঠোর শাসকদের দাপট তাকে মুগ্ধ করে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বাধা তার কাছে অনেক সময় বিরক্তিকর। বিপরীতে, যেসব শাসক কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই ক্ষমতা প্রয়োগ করতে পারেন, তাদের প্রতি তার আগ্রহ রয়েছে।
ট্রাম্পের চোখে কোনো দেশের মহত্ত্ব নির্ধারিত হয় তার নেতার ক্ষমতা প্রদর্শন এবং অপেক্ষাকৃত ছোট দেশগুলোর প্রতি আচরণ দিয়ে। ফলে রাশিয়াকে আবার বিশ্বরাজনীতির প্রথম সারিতে তুলে ধরতে তার আপত্তি নেই। বৃহস্পতিবার চীনের শেনজেনে শি জিন পিং, পুতিন ও ট্রাম্পের তিন নেতার বৈঠক পুতিনের জন্য সে কারণেই গুরুত্বপূর্ণ। বিশ্বের দুই প্রধান পরাশক্তির নেতার সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ রাশিয়াকে সমমর্যাদার আসনে বসার প্রতীকী স্বীকৃতি দিচ্ছে। বৈঠক থেকে কার্যকর কোনো চুক্তি না এলেও পুতিনের জন্য এটিই বড় কূটনৈতিক অর্জন।
বৈঠকের আলোচ্যসূচি অবশ্য এখনো অস্পষ্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় গুরুত্ব পাবে ‘বিশ্বশান্তি রক্ষা’ এবং ‘প্রধান শক্তিগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা’। নতুন বিশ্বব্যবস্থার আহ্বায়ক হিসেবে চীনকে তুলে ধরতে পারলেই শি জিন পিং সন্তুষ্ট হবেন। অন্যদিকে ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, ইরান, বাণিজ্য এবং তার ভাষায়, ‘আমার সবচেয়ে পছন্দের বিষয় ইউক্রেন’—এসব নিয়ে আলোচনা হতে পারে।
ইয়াল্টার স্মৃতি ও ইউরোপের উদ্বেগ
তিন নেতার এই বৈঠককে ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে রুজভেল্ট, স্তালিন ও চার্চিল সেখানে যুদ্ধ-পরবর্তী ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছিলেন। তবে সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন মিত্রশক্তির নেতারা, আর তাদের আলোচনার বিষয় ছিল পরাজিত শত্রুর ভবিষ্যৎ নির্ধারণ। শেনজেনের বৈঠকের সঙ্গে ইয়াল্টার তুলনা তাই ইতিহাসের সরাসরি পুনরাবৃত্তি নয়; বরং বৈঠকের বাইরে থাকা দেশগুলোর উদ্বেগের প্রতিফলন।

বিশেষ করে ইউরোপের অনেক দেশের কাছে ইয়াল্টা মানে বড় শক্তিগুলোর হাতে ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারিত হওয়ার স্মৃতি। পূর্ব ইউরোপের দেশগুলো তখন কয়েক দশকের জন্য সোভিয়েত নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। ইউক্রেনের আশঙ্কা, পুতিন ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে যুদ্ধের ইতিহাস ও সমাধান সম্পর্কে নিজের ব্যাখ্যা তুলে ধরবেন। সেই ব্যাখ্যায় ন্যাটোর উসকানি, রাশিয়ার অপ্রতিরোধ্য সামরিক শ্রেষ্ঠত্ব এবং ইউক্রেনকে সহায়তা করে ইউরোপের অর্থ ও যুক্তরাষ্ট্রের অস্ত্র নষ্ট করার অসারতার কথা থাকবে। এতে যুদ্ধের দায় রাশিয়ার বদলে পশ্চিমা দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা জোরদার হতে পারে।
শেনজেনে ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলোর অনুপস্থিতির একটি তাৎক্ষণিক ব্যাখ্যা আছে। এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকটি হচ্ছে, যেখানে অংশ নিচ্ছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী দেশগুলো। কিন্তু বিষয়টি ইউরোপের গভীর কৌশলগত দুর্বলতাও সামনে এনেছে। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বলছে, যেকোনো শান্তি আলোচনায় তাদের অংশগ্রহণ থাকা জরুরি। কিন্তু তারা এখনো এমন একটি যৌথ অবস্থান তৈরি করতে পারেনি, যা আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালীভাবে তুলে ধরতে পারে কোনো প্রভাবশালী কূটনৈতিক নেতৃত্ব। গত সপ্তাহে আবুধাবিতে শান্তি আলোচনা শেষে ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার আশ্বস্ত করে বলেছিলেন, ‘ইউরোপীয়দের আলোচনার টেবিলে না রেখে কোনো চুক্তি হতে পারে না।’ কিন্তু রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি ইউরোপীয়দের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন। উপসাগরীয় অঞ্চলে তাঁদের প্রতিনিধিদলকে তিনি ‘পর্যটক’ বলে বিদ্রূপ করেন। তার মন্তব্য ছিল, তারা হোটেলের বারে বসেও আলোচনা করতে পারতেন।
এটি ক্রেমলিনের পরিচিত কটাক্ষ। কিন্তু এর মধ্যে ইউরোপের একটি পুরোনো দুর্বলতার ইঙ্গিতও আছে। একসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নামে একটি গল্প প্রচলিত ছিল—তিনি নাকি ইউরোপের সঙ্গে কথা বলতে চাইলে ফোন করার মতো কোনো নির্দিষ্ট নম্বর খুঁজে পেতেন না। গল্পটি পুরোপুরি সত্য না হলেও ইউরোপের রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট করে।
ইউরোপের প্রভাব কমছে কেন
বর্তমানে ইউরোপের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক প্রভাবও নানা দিক থেকে চাপে রয়েছে। ন্যাটোর প্রতি ট্রাম্প প্রশাসনের অবস্থান দ্ব্যর্থক। তার প্রশাসন জাতীয়তাবাদী ও সংরক্ষণবাদী অর্থনৈতিক নীতিকে গুরুত্ব দিচ্ছে। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা মাগা মতাদর্শে উদার গণতান্ত্রিক ইউরোপকে এমন এক সভ্যতা হিসেবে দেখা হয়, যা ব্যাপক অভিবাসনের কারণে নিজের অস্তিত্বই ক্ষয় করছে।
চীনও ইউরোপকে অনেকটা নিজেদের উৎপাদিত পণ্যের বড় বাজার হিসেবে দেখে। বেইজিংয়ের দৃষ্টিতে ইউরোপীয় রাজনীতিকেরা সাধারণত যুক্তরাষ্ট্রের অবস্থানের বাইরে খুব বেশি যেতে চান না। ইউরোপীয় ইউনিয়ন অবশ্য ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ অর্জনের কথা বলছে। অর্থাৎ নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে চায়। কিন্তু এই পরিবর্তন সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এত দিন ইউরোপের প্রভাবের মূল ভিত্তি ছিল অর্থনৈতিক শক্তি, একক বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন নির্ধারণের ক্ষমতা। এখন সেই প্রভাবকে সামরিক ও কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হবে।
ইউরোপের অনেক মানুষ ট্রাম্পকে অপছন্দ করেন এবং পুতিনকে ভয় পান। কিন্তু প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক নিরাপত্তার মতো খাতে ব্যয় কমানোর সম্ভাবনাও তাদের কাছে স্বস্তিকর নয়। এত দিন ইউরোপের রাজনীতিতে অতীতের দিকে ফিরে তাকানোর প্রবণতা ছিল। প্রশ্ন ছিল, মুক্ত বাণিজ্য, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং ইউরোপীয় মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের পুরোনো সম্পর্ক কি আবার ফিরিয়ে আনা সম্ভব? কিন্তু ক্রমেই বোঝা যাচ্ছে, ইউরোপের ভবিষ্যৎ আর তার সাম্প্রতিক অতীতের মতো হবে না।

ব্রেক্সিটের শিক্ষা
এই বাস্তবতার সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কও গভীর। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সোমবার এক বক্তৃতায় ব্রেক্সিটের সমালোচনা শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি; তিনি এর ভূরাজনৈতিক মূল্য নিয়েও কথা বলেছেন। বার্নহামের মতে, ব্রেক্সিট ছিল বিশ্বব্যবস্থার ভাঙনের ধারায় প্রথম ডমিনো। এর ফলে ইউরোপীয় মিত্রদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, যা ‘আমাদের শত্রুরা ঠিক সেটাই চেয়েছিল’। ইউরোপীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র থেকে সরে যাওয়ায় যুক্তরাজ্য আন্তর্জাতিক ক্ষমতা ও প্রভাব হারিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ব্রেক্সিটের অর্থনৈতিক ক্ষতি নিয়ে আলোচনা নতুন নয়। কিন্তু এর রাজনৈতিক ও কূটনৈতিক মূল্য নিয়ে বার্নহামের বক্তব্য নতুন গুরুত্ব পেয়েছে। ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পক্ষে তিনি কথা বলায় ব্রেক্সিটপন্থীদের পুরোনো প্রচারযন্ত্রও আবার সক্রিয় হয়েছে। সংবাদপত্রগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার খরচ কিংবা অভিবাসন বেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ২০১৬ সালের ব্রেক্সিট প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নতুন করে সক্রিয় হচ্ছেন। যুক্তরাজ্য নিজে একটি আঞ্চলিক শক্তি। ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকার ফলে যে সম্মিলিত প্রভাব ও শক্তি পাওয়া যেত, ব্রেক্সিটপন্থীরা তার মূল্য যথাযথভাবে বুঝতে পারেননি। ইউরোপীয় ইউনিয়নের অংশ হয়ে যে প্রভাব তৈরি হয়েছিল, সেটিকেই তাঁরা এককভাবে যুক্তরাজ্যের শক্তি বলে ভেবেছিলেন। এখনো কেউ কেউ মনে করেন, যুক্তরাজ্যের মধ্যে এমন কিছু সুপ্ত বৈশ্বিক পরাশক্তির বৈশিষ্ট্য রয়েছে, যা একদিন জেগে উঠবে। কিন্তু মহাদেশভিত্তিক শক্তির নতুন বিশ্বব্যবস্থায় সেই শক্তি কীভাবে বাস্তবে রূপ নেবে, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।
বার্নহামের পরিকল্পনাও এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে তিনি অন্তত কয়েকটি বাস্তবতা স্বীকার করছেন: যুক্তরাজ্য একটি ইউরোপীয় দেশ; ইউরোপ একসঙ্গে সম্পদ কাজে লাগালে আরও নিরাপদ ও সমৃদ্ধ হবে; আর যুক্তরাজ্যের উচিত নয় সেই সম্মিলিত শক্তির প্রান্তে পড়ে থাকা।
শি, পুতিন ও ট্রাম্পের বৈঠক থেকে হয়তো বড় কোনো চুক্তি আসবে না। কিন্তু এর প্রতীকী গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই। তিন নেতা যখন বিশ্বক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করছেন, তখন ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর সামনে একটি কঠিন প্রশ্ন হাজির হচ্ছে: তারা কি নিজেদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে আন্তর্জাতিক প্রভাব পুনরুদ্ধার করবে, নাকি একক জাতীয় সার্বভৌমত্ব ও অতীতের গৌরবের কল্পনায় আশ্রয় নেবে?
প্রথম পথ ইউরোপকে একুশ শতকে আরও স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ করার সুযোগ দিতে পারে। দ্বিতীয় পথের পরিণতি হতে পারে ব্রেক্সিটের মতো আত্মঘাতী সিদ্ধান্তের পুনরাবৃত্তি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








