বান্দরবানের লামায় দিনমজুর মো. ছগির (৪২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহিমকে (২৩) ডিএমপির আদাবর থানা-পুলিশের সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর আদাবর থানার সাহিল ফিলিং স্টেশনের পেছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রহিম লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং বাজার এলাকার একটি বাগানে কাজ করতে যান ছগির। ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে পরিবারকে রূপসীপাড়া বাজার থেকে বাড়ি ফেরার কথা জানালেও তিনি আর ফেরেননি। পরদিন সকালে শিলেরতুয়া-রূপসীপাড়া সড়কের হাতিরঝিরি এলাকার লাল মিয়ার পাহাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে লামা থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লামা থানার উপপরিদর্শক (এসআই) সত্যজিৎ বড়ুয়া জানান, হত্যার পর ছগিরের পরনের কাপড় দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে মরদেহ ফেলে রাখা হয় এবং মুঠোফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে ফোনটি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে মো. ইসমাইল হোসেন (১৯) ও উনোথুই মার্মা ওরফে জাফর (২৫) জড়িত ছিলেন বলে তিনি জানিয়েছেন। গ্রেপ্তার ইসমাইলও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, আব্দুর রহিমকে লামার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি উনোথুই মার্মাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








