বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকেরা বর্তমানে দ্বীপে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তাদের ফিরিয়ে আনা যায়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি সমুদ্র থেকে উঠে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কসংকেত জারি রয়েছে।
এদিকে দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার একটি রিসোর্টে অবস্থান করা পর্যটক মাহবুব আহমদ জানান, বৃহস্পতিবার তার কক্সবাজারে ফেরার কথা ছিল। শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। কবে ফিরতে পারবেন, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
দ্বীপের মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। দ্বীপের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকের সংখ্যা খুব বেশি নয়।
স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আরও জানান, বৃহস্পতিবার যারা জাহাজের টিকিট কেটেছিলেন, আবহাওয়ার কারণে ভ্রমণ করতে না পারলে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। চাইলে আবহাওয়া অনুকূলে এলে একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন তারা।
উল্লেখ্য, চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








