বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। চেহারার মিলের কারণে প্রায়ই বাবার সঙ্গে তুলনা করা হয় তাকে। তবে এই তুলনাকে নেতিবাচকভাবে দেখেন না আরিয়ান। বরং বলিউডের ‘এক নম্বর’ তারকার সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই গ্রহণ করেন তিনি।
সম্প্রতি প্রকাশিত টাইম সাময়িকীর প্রথম ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন নির্মাতা আরিয়ান খান। এ উপলক্ষে সাময়িকীটিকে দেওয়া সাক্ষাৎকারে বাবার সঙ্গে নিজের তুলনা নিয়ে কথা বলেন তিনি।
আরিয়ান বলেন, ‘সবাইকে তার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই তালিকায় আমি থাকলেও সমস্যা নেই। এক নম্বর মানুষের সঙ্গে তুলনা করাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি অসাধারণ।’
পরিচালক হিসেবে আরিয়ানের অভিষেক হয়েছে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে। মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিরিজটি। শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান মনে করেন, কোনো ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার দক্ষতা তার ভালো।
নিজের কাজের দক্ষতা সম্পর্কে আরিয়ান বলেন, ‘কোনো ধারণাকে কাগজে তুলে আনা থেকে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় আমি ভালো।’
বর্তমানে সিরিজটির দ্বিতীয় মৌসুমের কাজ করছেন আরিয়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প একই থাকে। সেটিকে কীভাবে আলাদা করা যায়, কীভাবে নতুনত্ব যোগ করা যায় এবং কীভাবে গল্পটি বলা যায়—চলচ্চিত্র নির্মাণের আসল বিষয় এটাই।’
টাইমের তালিকায় ছেলের জায়গা পাওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন মা গৌরী খান। সেখানে আরিয়ান ও শাহরুখ খানকে ট্যাগও করেছেন তিনি।
আরিয়ানের নির্মিত ব্যঙ্গধর্মী সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ হাস্যরস, পর্দার পেছনের নানা ঘটনা এবং হিন্দি চলচ্চিত্রশিল্পের পরিচিত কিছু চিত্র তুলে ধরা হয়েছে। সাত পর্বের এই সিরিজে অভিনয় করেছেন লক্ষ্ম্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, আনিয়া সিং, মনীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর ও রজত বেদি।
সিরিজের গল্প আবর্তিত হয়েছে আসমান সিংকে ঘিরে। লক্ষ্ম্য অভিনীত এই চরিত্রটি চলচ্চিত্রশিল্পে বড় হওয়ার স্বপ্ন দেখা এক উচ্চাকাঙ্ক্ষী নবাগত। তার বিশ্বস্ত বন্ধু পারভেজের চরিত্রে রয়েছেন রাঘব জুয়াল। আর ব্যবস্থাপক সানিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আনিয়া সিং। খ্যাতি ও তারকাখ্যাতির অনিশ্চিত জগতে এগিয়ে যাওয়ার চেষ্টাই সিরিজটির মূল উপজীব্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








