কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও বাড়তি সতর্কতার মধ্যেও পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সেতুর দক্ষিণ প্রান্তসহ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন নিয়মিত পারাপার হচ্ছে। কোথাও দীর্ঘ সারি বা যানজট দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতেও যান চলাচল ছিল স্বাভাবিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৬ হাজার ৫৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এর মধ্যে জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ২ হাজার ৪০০টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩১ লাখ ৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে, মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ৩ হাজার ৬৫৫টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৫২ লাখ ৩৫ হাজার ৮৫০ টাকা।
এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও জনদুর্ভোগ এড়াতে টানা দুই দিন ধরে সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা এসব এলাকায় সতর্ক পাহারা দিচ্ছেন। তাদের দাবি, লকডাউনের নামে কেউ যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য তারা মাঠে রয়েছেন।
সাঈদ আহমেদ আসলাম বলেন, আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিত চলছে। সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো বাধা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








