নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট, একটি কার্গো বোটসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল উপজেলার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্টসহ বোটটি জব্দ করা হয়। আটক করা হয় বোটের প্রধান মাঝিসহ ৯ জনকে।
আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ; হাতিয়ার আল-আমীন গ্রামের মো. রাশেদ ও ফরাজি গ্রামের ফজলুল হক; চরজব্বরের দক্ষিণ চর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল; হাতিয়ার তমরদ্দি এলাকার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








