বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সাগর উত্তাল। অবিরাম বৃষ্টি ও দমকা হাওয়ায় সমুদ্রে জাল ফেলতে না পেরে দুদিন ধরে অলস সময় কাটাচ্ছে বাগেরহাট দুবলারচরের শুঁটকি পল্লীতে অবস্থানরত ১০ সহস্রাধিক জেলে। তারা ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন। ফলে কর্মচঞ্চল শুটকি পল্লীতে এখন একধরনের নীরবতা চলছে।
বৃষ্টিপাতে তাদের আহরিত মাছ ও ভিজে নষ্ট হচ্ছে বলে তারা জানিয়েছেন। এতে জেলে ও মহাজনরা অর্থনৈতিক ক্ষতির আশংকা করছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সাগর দ্বীপ দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুইদিন যাবৎ সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড় হাওয়ার সাথে মাঝারি ধরণের ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকিকরণ জেলেরা তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে। অন্যদিকে, দুদিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। সহসা আবহাওয়া ভালো না হলে মাছ নষ্ট হয়ে যাবে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতে জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, ‘‘মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন।’’ দুদিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে বলে জানান তিনি ।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, ‘‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে আছে। দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা গত দুই দিন যাবৎ সাগরে মাছ ধরতে যেতে পারেনি।’’ বর্তমানে দুবলারচর অঞ্চলে দশ সহস্রাধিক জেলে অলস সময় কাটাতে বাধ্য হচ্ছেন বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








