ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ও দুপুরে উপজেলার ষাটপাকিয়া ও দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঝালকাঠি জেলার মরতুজা গাজীর ছেলে ফোরকান গাজী (৩৫)। অপর নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার (সহকারী), তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের বাস দুটি বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সড়কের পাশে ছিটকে পড়ে। এতে গ্রিনভিউ পরিবহনের হেলপার গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা আরোহীরা ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয় এবং আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এসব ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









