সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধের সামনে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, দলটির নেতাকর্মীরা সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আসাদুজ্জামান মোহন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সারাদেশে জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সর্বদা প্রস্তুত।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসাইন মোল্লা ও আলমগির কবির মুন্সি এবং সদস্য সোহেল রানা মোল্লা ও শাহিন মিয়া। এ ছাড়া স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








