গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বাক্ষরিত একটি আবেদন গাজীপুরের জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। সেখানে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন।
আবেদনে কারা কমপ্লেক্সের চারটি কারাগারের নিরাপত্তা বৃদ্ধি, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং টহল জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপত্তা জোরদারের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ লিখিতভাবে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি জানিয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করতে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








