কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে স্বাভাবিকভাবে চলাচল করেছে দূরপাল্লার বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারাদিন পাংশার শিয়ালডাঙ্গী থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত কোথাও অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি।
দিনভর রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদের নেত্বতে মহাসড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ বলেন, ‘‘দিন-রাত আমরা মহাসড়কে অবস্থান করেছি। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কোথাও দেখা যায়নি, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনগুলো মাঠে আছে। যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে আমরা প্রস্তুত। দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।’’
সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, ‘‘যেকোনো অরাজকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী টহলে আছে, আমাদের জেলার কোনো এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








