ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশালের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে তিনতলা ভবনটির নিচতলার একটি কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে। ভাঙচুর করা হয়েছে জানালার কাচও।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডসংলগ্ন বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে ‘তহুরা মঞ্জিল’ নামের ওই বাসভবনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জন যুবক বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর চালান। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের দাবি, হামলাকারীদের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন। তবে এ বিষয়ে দলীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসভবনে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। একই ভবন কমপ্লেক্সের অন্য একটি ভবনে বসবাস করতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








