দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন বলেছেন, ‘‘গত কিছুদিন যাবত নিষিদ্ধ ঘোষিত একটি দল দেশে যে অরাজকতা করছে, সেই অরাজকতা আর করতে দেওয়া হবে না। আমরা দেশে কোনো গন্ডগোল চাই না। কিন্তু নিষিদ্ধ ঘোষিত দল থানা লুট করতেছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, মানুষের জানমালের ক্ষতি করবেন, চোরাগুপ্তা হামলা করবেন, এসব আর ছাড় দেওয়া হবে না।’’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালুপুর বাসস্ট্যান্ডে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসাইন বলেন, ‘‘আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন, আপনাদের নেতারা বিদেশে বসে মুরগি রান খাইতেছে। আর আপনাদের বলতেছে, আপনারা ভাংচুর করতেছেন। এটার ফল ভালো হবে না। অনেক সহ্য করছি, কিন্তু এখন আর সহ্য করবো না। আমরা প্রতিবাদ করবো, প্রতিহত করবো, প্রয়োজনে প্রতিশোধ নিবো। দেশে অরাজকতা করতে দেওয়া হবে না।’’
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ভালো চলছে জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা কিসের জন্য কি ইস্যুতে এসব করতেছেন? আপনাদের কোনো ইস্যু নাই। দেশ ভালো চলতেছে। আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করলেও আমরা বিশৃঙ্খলা করতে দিবো না। যেকোনো উপায়ে আমরা প্রতিরোধ করবো। এর জন্য পিঠাইতে হলে পিঠাবো, অ্যারেস্ট করতে হলে করা হবে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারীদের সঙ্গে আছি। আমাদের হাজার হাজার বিএনপি কর্মী মাঠে রয়েছে। দুর্বলতা মনে করলে ভুল করবেন, আমরা দুর্বল না, আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি। আমরা চাই দেশ ভালো থাকুক।’’
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








