কাঁধে বাঁশের তৈরি ভারজোত, হাতে কাস্তে আর সঙ্গে ছোট্ট একটি ব্যাগ। ব্যাগে কয়েকটি জামাকাপড়, গামছা, লুঙ্গি আর চলার পথে খরচের সামান্য টাকা। কারও সঙ্গে রয়েছে শুকনো খাবারও। আপন ভিটেমাটি ছেড়ে জীবিকার সন্ধানে এভাবেই দল বেঁধে রাত-দিন দূর-দূরান্তে ছুটছেন উত্তরের কৃষিশ্রমিকরা।
রবিবার (২২ নভেম্বর) সকালে সৈয়দপুর রেলস্টেশনে একদল কৃষক অপেক্ষা করছেন ট্রেন ধরার জন্য। দলনেতা কাউসার জানান, প্রতিবছর আগাম ধান কাটার জন্য দলবেধে সেখানে যান তারা। এবারও সেখানকার পরিচিত কৃষকরা মোবাইল ফোনে কল দিয়েছেন, তাই দলবেধে যাচ্ছেন।
তিনি বলেন, আক্কেলপুরের কয়েকজন কৃষক বিকাশে অগ্রিম টাকাও পাঠিয়েছেন। সেই টাকা বাড়িতে খাওয়া খরচ ও কিস্তি পরিশোধের জন্য রেখে যাচ্ছি। সঙ্গে সামান্য কিছু টাকা নিয়ে রওয়ানা হচ্ছি গন্তব্যে।
এভাবে নীলফামারী, ডোমার, সৈয়দপুর ও চিলাহাটিসহ উত্তরের বিভিন্ন এলাকার এসব শ্রমিকের অনেকে সংসারের খরচ জোগাতে অলস বসে না থেকে তারা ছুটছেন নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সান্তাহারসহ দেশের বিভিন্ন ধান উৎপাদনকারী এলাকায়। অন্যদিকে যেসব এলাকায় ধান কাটা শেষ হয়েছে, সেসব এলাকার শ্রমিকরা ফিরছেন আপন ঠিকানায়।
এতে ধান কাটার মৌসুমকে ঘিরে আক্কেলপুর থেকে চিলাহাটি পর্যন্ত রেলপথের স্টেশনগুলো রাত-দিন সমানতলে এখন কৃষিশ্রমিকদের পদচারণায় মুখরিত। ট্রেনের ভেতরে কিংবা ছাদে কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিনই একদল শ্রমিক কাজের সন্ধানে যাচ্ছেন, আরেক দল কাজ শেষে ফিরছেন বাড়িতে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরের অনেক এলাকায় বোরো ধান পাকতে এখনো সময় আছে। এ সময় স্থানীয়ভাবে কৃষিকাজের সুযোগ কম থাকায় বেকার সময় কাটাতে হয় তাদের। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটার মৌসুম শুরু হওয়ায় সেখানে তৈরি হয়েছে শ্রমিকের চাহিদা। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ছুটছেন কাজের সন্ধানে।
কৃষিশ্রমিকদের ভাষ্য, নিজ এলাকায় ধান কাটার মৌসুম শুরু হলে আবার ফিরে আসবেন বাড়িতে। তখন নিজের জমির পাশাপাশি স্থানীয় কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করবেন। এর আগ পর্যন্ত অন্য জেলায় কাজ করে কিছু টাকা সঞ্চয় করাই তাদের লক্ষ্য।
ধান কাটার মৌসুমে রেলস্টেশনগুলো যেন পরিণত হয়েছে কৃষিশ্রমিকদের অস্থায়ী কর্মসংস্থান কেন্দ্রে। বিশেষ করে আক্কেলপুর, জয়পুরহাট ও সান্তাহার রেলস্টেশনে বাড়ি ফেরার অপেক্ষায় বিপুলসংখ্যক শ্রমিককে অবস্থান করতে দেখা যাচ্ছে। একইভাবে সৈয়দপুর, নীলফামারী, ডোমার ও চিলাহাটিসহ উত্তরের বিভিন্ন স্টেশন থেকে কাজের সন্ধানে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাচ্ছেন শ্রমিকরা।
পরিস্থিতি এমন যে, ট্রেনের বগির ভেতরে কিংবা ছাদে কোনো জায়গাই ফাঁকা থাকছে না। কাস্তে, ভারজোত ও ব্যাগপত্র নিয়ে দল বেঁধে ট্রেনে উঠছেন তারা। ট্রেন আসামাত্রই ওঠার জন্য শুরু হচ্ছে ব্যস্ততা। অনেক ট্রেনেই যাত্রী ও শ্রমিকের চাপে তিল ধারণের ঠাঁই থাকছে না।
কাজের সন্ধানে যাওয়া এবং কাজ শেষে ফিরে আসা, দুই ধরনের শ্রমিকের যাতায়াতে রেলপথজুড়ে তৈরি হয়েছে বাড়তি ব্যস্ততা।
সৈয়দপুর কামারপুকুরের কৃষক মনিরুজ্জামানজানান, এলাকাভেদে এক বিঘা জমির ধান কাটতে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মজুরি পাওয়া যাচ্ছে। কোথাও আবার দৈনিক ভিত্তিতে জনপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। জমির অবস্থা, ধানের পরিমাণ ও শ্রমিকের সংখ্যার ওপর নির্ভর করে মজুরি নির্ধারিত হয়।
ডোমার থেকে সান্তাহারের উদ্দেশ্যে নীলসাগর ট্রেনে যাচ্ছিলেন রহিম উদ্দিনসহ তাঁর ১৪ জনের ছোট দল। তিনি জানান, নিজ এলাকায় কাজ না থাকায় অন্য জেলায় গিয়ে কয়েক সপ্তাহ কাজ করতে পারলেও সংসারের জন্য কিছু টাকা উপার্জন করা সম্ভব। তবে দূরের এলাকায় যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বাদ দিয়ে যতটা সম্ভব সঞ্চয় করাই তাদের উদ্দেশ্য বলে জানান তিনি।
কৃষিশ্রমিকদের অনেকেই জানান, কোনো এলাকায় কাজ শেষ হলে তারা আবার স্টেশনে ফিরে আসেন। সেখান থেকে অন্য এলাকায় কাজের সন্ধান করেন। এভাবে ধান কাটার পুরো মৌসুমজুড়েই এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়ান তারা।
কৃষিশ্রমিকদের এই কর্মব্যস্ততা অবশ্য সাময়িক। নিজ এলাকার জমিতে ধান পাকার সময় ঘনিয়ে এলে তারা আবার ফিরবেন আপন ঠিকানায়। তখন অন্যের জমিতে শ্রম বিক্রির পাশাপাশি নিজেদের জমির ধানও ঘরে তুলবেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, অঞ্চলভেদে ধান পাকা ও কাটার সময়ের পার্থক্যের কারণে প্রতিবছরই এক এলাকা থেকে অন্য এলাকায় কৃষিশ্রমিকদের যাতায়াত দেখা যায়। এতে একদিকে কর্মহীন শ্রমিকদের সাময়িক কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে ধান কাটার মৌসুমে শ্রমিকের চাহিদা পূরণ হচ্ছে বিভিন্ন অঞ্চলের কৃষকদের।
তবে জীবিকার তাগিদে পরিবারের মানুষজনকে বাড়িতে রেখে শত শত কিলোমিটার দূরে ছুটে চলা এসব শ্রমিকের কাছে ধান কাটার মৌসুম শুধু ফসল ঘরে তোলার সময় নয়, বরং সংসারের অভাব মেটানোরও একটি বড় সুযোগ। একদিকে কাজের সন্ধানে নতুন গন্তব্যে যাত্রা, অন্যদিকে কাজ শেষে বাড়ি ফেরার অপেক্ষা এভাবেই রেলপথের প্রতিটি স্টেশন সাক্ষী হয়ে থাকছে উত্তরের কৃষিশ্রমিকদের জীবনসংগ্রামের।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








