বাজারের নিরাপত্তা জোরদার এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারে স্থাপন করা হয়েছে ২৫টি সিসিটিভি ক্যামেরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও নির্দেশনায় এবং বাজার বণিক সমিতির সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হবে। ফলে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা বাড়ার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আহমেদ খান, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি নিশার ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি পিন্টু খানসহ বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।
ঝানজাইল বাজার বণিক সমিতির সভাপতি ইলিয়াস আহমেদ খান বলেন, বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। এর ফলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বাড়বে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করছেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এবং বণিক সমিতির সহযোগিতায় নেওয়া এ পদক্ষেপ ঝানজাইল বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








