নেত্রকোনার দুর্গাপুরে অনাস্থার ঝড়ে ভেঙে গেল সাংবাদিক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও সাংগঠনিক অনিয়মের অভিযোগ তুলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তে কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ মাসিক সভায় উপস্থিত ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন লিখিতভাবে অনাস্থা জ্ঞাপন করেন। সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠের এ সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬-২০২৭ মেয়াদের পূর্ববর্তী কমিটি বাতিল ঘোষণা করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাংবাদিক ও কবি সজিম সাইনকে আহ্বায়ক, সাংবাদিক আলী উসমানকে সদস্য সচিব এবং সাংবাদিক আদনানুর রহমানকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সদস্যদের প্রতি অসদাচরণ, চক্রান্ত, অবমূল্যায়ন, একক সিদ্ধান্তে কর্মসূচি ঘোষণা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো একাধিক গুরুতর অভিযোগ ওঠে। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অসন্তোষ বিরাজ করছিল।
নতুন দায়িত্ব গ্রহণের পর আহ্বায়ক সজিম সাইন বলেন, “সংগঠনের চলমান সংকট নিরসন এবং কাঠামোগত সংস্কার আমাদের প্রধান লক্ষ্য। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে চলতি বছরের মধ্যেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
উল্লেখ্য, গত ২০২৫ সালের ডিসেম্বরে গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে বিলুপ্ত কমিটি গঠিত হয়েছিল। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে অভ্যন্তরীণ কোন্দল ও স্বৈরাচারী আচরণের অভিযোগে সেই কমিটির বিদায় ঘটল।
দুর্গাপুর সাংবাদিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে, আর সাধারণ সদস্যরা প্রত্যাশা করছেন, নতুন নেতৃত্বে সংগঠন ফিরে পাবে ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









