গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পরিদর্শন কালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।’
সোমবার (২ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা চৌক্কার খাল পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খননের লক্ষ্য নেওয়া হয়েছে। সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ধারাবাহিকতা বজায় থাকলে মেয়াদের মধ্যেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। শ্রীপুর ও গাজীপুরে আরও বেশ কয়েকটি খাল খনন করা হবে, যদিও নানা বাধা-বিপত্তি আসতে পারে। তবে সবাইকে সঙ্গে নিয়ে সেগুলো মোকাবিলা করা হবে।’
তিনি বলেন, ‘খাল খনন কর্মসূচি একটি বিপ্লবী আন্দোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। খাল খননের মাধ্যমে খালে পানি প্রবাহ নিশ্চিত হওয়ায় কৃষকরা সহজে সেচ দিতে পারতেন, মাছ উৎপাদন হতো, খালের পাড়ে বৃক্ষরোপণ সম্ভব হতো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হতো।’
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘদিন এসব খাল পরিচর্যার অভাবে আর দখলদারদের কবলে পড়ে নর্দমায় পরিণত হয়েছে। অনেকেই খাল দখল করে মাছ চাষ করেছে, শহীদ জিয়ার খননকৃত খাল গুলিতে ময়লা আবর্জনার স্তুপ বানিয়ে পরিবেশের বিপর্যয় ঘটিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘দায়িত্ব গ্রহণের পরই কৃষকদের কল্যাণে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার পরিমাণ সারা দেশে প্রায় ১,৫০০ কোটি টাকা। এর মূল উদ্দেশ্য কৃষকদের উৎসাহ দেওয়া। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি। সরকার কৃষকদের সহায়তা করতে চায়, যাতে তারা ফসল উৎপাদন বাড়াতে পারেন। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, তবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রথম ১৮০ দিনের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি ইতোমধ্যে লক্ষ্য করা গেছে।’
মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। বর্তমান সরকারও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করে সামাজিক ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে চায়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।’
এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত পথসভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









