মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা জুড়ে চলছে তিন ফসলি কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে রমরমা মাটির ব্যবসা। এতে বিলীন হয়ে যাচ্ছে উর্বর কৃষি জমি। শীর্ষভাগের উর্বরতা হারিয়ে কৃষি জমির প্রাকৃতিক পুষ্টি কমে যাচ্ছে।
কৃষি জমি রক্ষায় সিংগাইর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (৪ মার্চ) দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন।
অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা'র অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি পৃথক মামলায় তিন জনকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটায় ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও একটি ট্রলি অকেজো করা হয়।
এ সময় উপজেলার মধ্যচর নয়াবাড়ি গ্রামের আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের লুৎফর মিয়া'কে ১ লাখ টাকা এবং নবগ্রাম গ্রামের আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা দৈনিক এদিন'কে জানায়- একটি কুচক্রী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে ভেক্যু দিয়ে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে। রাতভর মাটি পরিবহনের গাড়ির শব্দে মানুষের জীবন অতিষ্ঠ। এসব গাড়ি চলাচলের ফলে এলাকার রাস্তাগুলোও নষ্ট হচ্ছে বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন জানান- অবৈধ ভাবে কৃষিজমি'র মাটি কাটার সময় তিন জনকে অর্থদন্ড দেয়া হয়েছে এবং জব্দকৃত তিনটি ভেকু ও একটি ট্রলি অকেজো করা হয়েছে। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং আনসার বাহিনী'র সদস্যবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









