পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনরায় পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ নামকরণের গেজেট প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে (১০ মার্চ) উপ-সচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রজ্ঞাপনটি ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিতভাবে জারি করেছেন।
জানা যায়, পিরোজপুর সদর উপজেলার পারেরহাট, বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ১২৮.৬৭ বর্গকিলোমিটার এলাকায় ১৯৭৬ সালে গঠিত হয় ইন্দুরকানী থানা। ২০০১ সালে বিএনপি জোট ক্ষমতায় আসার পর পিরোজপুর-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রস্তাবনায় ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘জিয়ানগর’ উপজেলা নামে নতুন উপজেলা ঘোষণা করেন।
এরপর ২০১৭ সালের ৯ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম সভায় পিরোজপুরের ৭ম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এবং পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) জারীকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী উপজেলা’ নামকরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরবর্তীতে, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ৫ সেপ্টেম্বর আমি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফের কাছে ‘ইন্দুরকানী’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর উপজেলা’ করণের দাবি নিয়ে জিয়ানগরের ৩ হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারক মন্ত্রণালয়ে জমা দেন পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি মাসুদ সাঈদী।
জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলমগীর কবির মান্নু বলেন, পুনরায় জিয়ানগর নাম ফিরে পাওয়ায় দলের নেতাকর্মীসহ আমরা সবাই আনন্দিত। এজন্য আমরা জিয়ানগরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









