বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সরকারি চাল বিতরণে চাঁদা তোলার অভিযোগ

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

সরকারি চাল বিতরণে চাঁদা তোলার অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য সরকারি বরাদ্দ চাল বিতরণকে ঘিরে জনপ্রতি ১০০ টাকা করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, গোডাউন থেকে চাল আনা, পরিবহন ও শ্রমিক খরচ দেখিয়ে ইউনিয়নের জেলেদের সভাপতি মো. আলম মিয়া এই টাকা সংগ্রহ করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জলাবাড়ী ইউনিয়নের জেলে সোহাগ খান অভিযোগ করে বলেন, আমাদের চাল দেওয়ার কথা বলে জনপ্রতি ১০০ টাকা করে নেওয়া হয়েছে। আমার কাজ থাকায় ছেলেকে দিয়ে চাল আনতে পাঠিয়েছিলাম। কিন্তু আমি নিজে না যাওয়ায় আমাকে চাল দেওয়া হয়নি, অথচ টাকা নেওয়া হয়েছে।

অপর জেলে মো. রিয়াজ হোসেন বলেন, গোডাউন থেকে ইউনিয়ন পরিষদে চাল আনতে পরিবহন ভাড়া ও লেবার খরচ লাগে। এছাড়া যারা কষ্ট করে বসে চাল বিতরণ করেন তাদেরও কিছু খাবারের খরচ থাকে। এজন্য জনপ্রতি ১০০ টাকা করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলেদের সভাপতি মো. আলম মিয়া বলেন, গোডাউন থেকে পরিষদে চাল আনা পর্যন্ত কিছু খরচ রয়েছে। এছাড়া কিছু আনুষঙ্গিক খরচও আছে, যার সব হিসাব দেওয়া সম্ভব নয়। এজন্য জেলে প্রতি ১০০ টাকা করে তুলে পরিষদের সচিবকে দেওয়ার জন্য আমাদের সম্পাদক তোফাজ্জেলের কাছে দিয়েছি।

তবে ইউনিয়ন পরিষদের সচিব মো. দিদারুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আজ ৩৩৫ জন জেলেকে জনপ্রতি ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে। আমার জানা মতে গোডাউন থেকে এখানে চাল আনতে টনপ্রতি প্রায় ৪০০ টাকা খরচ হয়। তবে আমি কারও কাছ থেকে টাকা নেইনি।

চাল বিতরণের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার বিশ্বজিৎ বলেন, জেলে প্রতি ১০০ টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। সাধারণত সব ইউনিয়নেই চাল আনতে জেলেদের পক্ষ থেকে কিছু টাকা তোলা হয়। এখানে ৩৩৫ জন জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে এই টাকার অর্ধেক খরচ হয়েছে। সামনে আবার চাল দেওয়া হবে, তখন নতুন করে টাকা নেওয়া হবে না।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত বলেন, সরকারি চাল বিতরণে কোনো টাকা নেওয়ার বিধান নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আশীষ/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.