পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বরূপকাঠী প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে স্বরূপকাঠী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের সত্য তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে উঠে আসে। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে। পাশাপাশি প্রেসক্লাবের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের মর্যাদা রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।”
সভা শেষে উপস্থিত সকল সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









