তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খালের পানির প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় এবং কৃষিজমিতে সেচের জন্য পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়—তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সরকারি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি সহ্য করা হবে না।
সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্বনির্ভর খালের প্রায় ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখা আমাদের সবার দায়িত্ব। কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন বা বাস্তবতা বুঝতে না পারেন, তাহলে আমি নিজেই টিকিট কেটে দেব—দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছ থেকে জেনে আসবেন, ভুল করলে পরে তার কী ধরনের খেসারত দিতে হয়।
খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, এই ধরনের উন্নয়ন প্রকল্প কোনো ঠিকাদার বা প্রকৌশলীর টাকা আয়ের মাধ্যম হতে পারে না। প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং সেই পানি যেন কৃষিজমিতে সঠিকভাবে পৌঁছায়। সরকারি অর্থ ব্যয়ের প্রতিটি কাজ জনগণের কল্যাণে হতে হবে।
মন্ত্রী আরও বলেন, জনগণের শক্তির ওপর ভর করেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের ওপর আস্থা রেখে বিজয়ী করেছে। কিন্তু সেই আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে তার কী ভয়াবহ পরিণতি হতে পারে—সেটা শেখ হাসিনার কাছ থেকেই শিক্ষা নেওয়া যায়।
স্থানীয় জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারাও এই কাজের তদারকি করবেন। খালের পানির প্রবাহ ঠিক আছে কি না, সরকারি কাজ আপনাদের উপকারে আসছে কি না—এসব বিষয় খেয়াল রাখবেন। যদি দেখেন এই কাজ আপনাদের কাজে আসছে না, তাহলে আমাকে জানাবেন। প্রয়োজনে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর স্থান নেই। জনগণের টাকায় করা প্রতিটি প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছেই পৌঁছাতে হবে।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









