রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা এরশাদ আলী ঈশা। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এরশাদ আলী ঈশা। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা আলসার হাবিবের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ঐতিহ্যবাহী শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাত করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী এস এম আল মতিন, সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, উপসহকারী প্রকৌশলী আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামান সুমন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নির তারেক এবং সদস্যসচিব সাদুৎ জামান জনিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মদক্ষতা, ত্যাগ এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনা করে তাকে এই দায়িত্ব প্রদান করেছেন।
তিনি বলেন, “আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। এজন্য মন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতৃবৃন্দ এবং সর্বোপরি রাজশাহীর সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।”
নতুন প্রশাসক জানান, তিনি পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, খাল খনন এবং মনিবাজার সংস্কারের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেবেন। এ ছাড়া জেলা পরিষদের আওতাভুক্ত সব উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নতুন প্রশাসকের নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









