দিনাজপুরের পার্বতীপুরে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল মেইল রমনা কমিউটার ট্রেনের পাওয়ারকারে (জেনারেটর রুম, বগি নম্বর ৭৩৫৬) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জংশন স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পার্বতীপুর–রমনা বাজার রেলপথে চলাচলকারী ৪২১/৪২২ রমনা কমিউটার ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনের ২ নম্বর ডকইয়ার্ডে (মিটারগেজ) দাঁড়িয়ে ছিল। এসএস এ/ই-ইলেক দপ্তরের কর্মচারীরা ইয়ার্ডে অবস্থান করা রমনা বাজার মেইল ট্রেনের পাওয়ারকারে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করেন।
সূত্র জানায়, ওয়েল্ডিংয়ের কাজ শুরুর আগে পাওয়ারকারে ফুয়েল ট্যাংকে জ্বালানি তেল ছিল। ওয়েল্ডিংয়ের ফুলকি মেঝেতে পড়লে জ্বালানি তেলের সংস্পর্শে মুহূর্তেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
রাতেই খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পার্বতীপুর সূত্র জানায়, ট্রেন পাসিং দপ্তরের কর্মচারীরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় মেঝেতে থাকা জেনারেটরের তেলে প্রথমে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
পার্বতীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার রেজাউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলপুলিশসহ স্থানীয় উপস্থিত লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









