শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ঈদের পরই একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে। নিত্যপণ্যের দাম মানুষের নাগালে রাখতে সরকার কাজ করছে।
সোমবার (১৬ মার্চ) সিলেটের ওসমানীনগরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান নিয়ে মন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দেশে বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। তবে ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে।
অপরদিকে, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করা হবে। নগরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টির জন্য আধুনিক বিনোদন পার্ক স্থাপন করা হবে এবং সুপেয় পানির সমস্যাও সমাধান করা হবে। পাশাপাশি সিলেট থেকে মাদক ও জুয়া চিরতরে নির্মূল করা হবে।
ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের উন্নয়নে সরকার দুটি লক্ষ্য নির্ধারণ করেছে। ব্যক্তিগত খেয়ালখুশির কারণে যাতে ইমামদের চাকরি না হয় কিংবা চাকরি হারাতে না হয়, সে জন্য একটি বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনরা যাতে ৪ থেকে ৬ সদস্যের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন, সে অনুযায়ী সম্মানী নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তাদের জন্য সরকারি তহবিল থেকে সম্মানী প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তাদের চাকরি সুরক্ষায় বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিসিকের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









