কুষ্টিয়া কুমারখালীতে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাব্বি, জনি, সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি, আলম সবাই একই গ্রামের বাসিন্দা। স্বজনরা রাব্বি, জনি ও সারুপকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বেড় কালোয়া মোড়ে গ্রামের রতন শেখ নামের এক ব্যক্তি কোমল পানি পান করার পর বোতলের ক্যাপ ছুড়ে মারেন। এ সময় ক্যাপটি গিয়ে গ্রামের ক্যাসেট নামের এক ব্যক্তির মাথায় লাগে। তখন ক্যাসেট বকাবকি করলে রতন তাকে মারধর করে।
এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে বেড় কালোয়া জেলেপাড়ার সরদার ইয়ারুল শেখ, নাসির উদ্দিনসহ তাদের লোকজন এসে বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









