বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, চরমোনাই মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ‘এমভি সাব্বির-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘মোল্লা ভাই ভাই’ নামের বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি নদীতে ডুবে যায়।
বাল্কহেডে থাকা চারজন কর্মচারী নদীতে পড়ে গেলে স্থানীয় জেলেরা দ্রুত ট্রলার নিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, লঞ্চ ও বাল্কহেডের সংঘর্ষে বাল্কহেডটি ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাল্কহেডে থাকা চারজনকে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করেছে। তারা সবাই নিরাপদে আছেন।
তিনি আরো জানান, এমভি সাব্বির-৩ লঞ্চটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাই লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









