চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটে বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর।
হেলিপ্যাডে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভ্যর্থনা অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন।
সফরের তৃতীয় দিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় তিনি সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
আগামী মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনা শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি সুন্দর ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









