শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গভীর রাতে বাঘাবাড়ি অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রী

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

গভীর রাতে বাঘাবাড়ি অয়েল ডিপোতে জ্বালানি মন্ত্রী

মধ্যরাতে আকস্মিক অভিযানে বাঘাবাড়ি ওয়েল ডিপো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি হঠাৎ সেখানে উপস্থিত হন। ডিপোর কার্যক্রম তদারকি এবং সেবার মান যাচাই করতেই মন্ত্রীর এই ঝটিকা সফর।

শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাতে প্রটোকল ছাড়াই অনেকটা গোপনীয়তার সাথে বাসা থেকে বের হন মাননীয় মন্ত্রী। এমনকি তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরাও গন্তব্য সম্পর্কে অবগত ছিলেন না। রাত ১২টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি যাত্রার উদ্দেশ্যে রওনা হন। আকস্মিক এই অভিযানের শেষ গন্তব্য—শহর থেকে ৬০ কিলোমিটার দূরের বাঘাবাড়ি ওয়েল ডিপো—কর্মকর্তাদের কাছেও ছিল অজানা। অবশেষে রাত পৌনে ১টার দিকে মন্ত্রীর গাড়ি বহর সেখানে পৌঁছায়।

ডিপোর প্রধান ফটক বন্ধ ছিল। পুলিশের ডাকে ফটক খুলে দেন গেটম্যান। এরপর ডিপোর দায়িত্বে থাকা কর্মকর্তা খবর পেয়ে ঘুম থেকে উঠে গেটে চলে আসেন। এ সময় পায়ে হেটে ডিপো এলাকা ঘুরে দেখেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

পরিদর্শন শেষে তিনি বলেন, “দেশে তেলের কোনো সংকট নেই। আমরা সবগুলো ডিপোতে তেল দিচ্ছি। ডিপো থেকে তেলও বের হচ্ছে। তেল বের হওয়ার পরও আমরা দেখছি হাহাকার—দেশে তেল নেই। এটা কীভাবে সুষম করা যায়, কীভাবে তেল দিলে এ ধরনের কথা আর কেউ না বলে, সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সঙ্গে আলোচনা করেছি। প্রত্যেক ইনচার্জকে নির্দেশনা দিয়েছি যেন প্রত্যেকটি পাম্পে তেল যায় এবং ঠিকমতো পৌঁছায়। আমি যেন না শুনি কোনো পাম্পে তেল যায়নি। কীভাবে করবে সেই নির্দেশনাও দিয়েছি। আশা করছি আগামীকাল থেকে তারা এই নির্দেশনা পালন করবে এবং প্রত্যেক পাম্পে ঠিকমতো তেল পৌঁছাবে।”

তিনি আরও জানান, “বাঘাবাড়ি অয়েল ডিপোতে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা তা দেখা, চোরাকারবারি বন্ধ করা এবং পরিকল্পনা নির্ধারণের জন্যই মূলত গভীর রাতে ডিপো পরিদর্শন করছি। এ সময় মন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের ডিপো এলাকায় কোনো সিন্ডিকেট সক্রিয় আছে কিনা এবং কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।”

প্রসঙ্গত, বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২০টি জেলার পাম্পে তেল সরবরাহ করা হয়। ইরান যুদ্ধের পর থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে গড়ে প্রতিদিন প্রায় ২৫০–২৮০টি পাম্পে তেল সরবরাহ করা হতো।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.