পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। বুধবার (১ এপ্রিল) সকাল নয়টায় মাছটি কুয়াকাটার মাছবাজারের খান ফিশ আড়তে নিয়ে আসা হয়। এ সময় বিশালাকৃতির মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ।
পরে মাছটি নিলামের মাধ্যমে ফেরদৌস ফিশের স্বত্বাধিকারী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় কিনে নেন। এর আগে গভীর রাতে সুন্দরবন-সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ওই জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এ উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটির ওজন সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মৎস্যসংশ্লিষ্টরা।
জেলে ফারুক মাঝি বলেন, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের কোরালটি ধরা পড়ে। মাছটি এ বাজারেই ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি করেছি। দাম বেশ ভালোই পেয়েছি। এর আগে এত বড় মাছ আমার জালে ধরা পড়েনি। মাছটি পেয়ে আমি অনেক আনন্দিত।
মাছটির ক্রেতা মোস্তাফিজ বলেন, কোরালটি আমরা সামান্য লাভে এ বাজারেই বিক্রির চেষ্টা করব। তবে যদি ভালো দাম না পাওয়া যায়, তাহলে অন্য এলাকা বা উত্তরাঞ্চলে পাঠানো হবে।
খান ফিশের পরিচালক জাহাঙ্গীর খান বলেন, এ বাজারে চলতি বছর যতগুলো কোরাল এসেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড়। এমন বড় আকারের মাছের চাহিদা অনেক বেশি। তাই মাছটি অনেক ভালো দামে বিক্রি হয়েছে। দুই দিন আগেও ফারুক মাঝি অনেক মাছ পেয়েছিলেন। তবে অন্যান্য জেলেদের জালে তেমন বেশি মাছ ধরা পড়ছে না।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন আকারের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। আমরা আশা করছি, গভীর সাগরে জাল ফেললে জেলেরা আরও বড় আকারের প্রচুর পরিমাণে মাছ পাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









