পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যরা যৌথ ভাবে স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালী থেকে তাদের ৪ পিস ইয়াবা ও ৪ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক মাদক ব্যবসায়ী শাহীন (৩২) ও বাচ্চু (৪৬)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদকসেবী বশার (৪০)-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জনসম্মুখে জব্দ করা মাদকগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, কয়েক দিন আগে এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে প্ল্যাকার্ড হাতে মাদকের ভয়াবহ প্রসারের প্রতিবাদ জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। গভীর রাত থেকে অভিযান চালিয়ে ভোররাতে আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে আমরা পৌঁছানোর আগেই আরও দুইজন বড় মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









