উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সকাল থেকেই আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা অংশ না নিলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর প্যানেলসহ মোট ২২ জন প্রার্থী ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুরুত্বপূর্ণ এসব পদে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর মোট ৯৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাদের ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে অংশ নেওয়া সবুজ ও নীল দলের আইনজীবীরা জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এবং সবাই একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা নিজ নিজ প্যানেলের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা আইনজীবী সমিতির উন্নয়নে কাজ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









