কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বলছেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। ড্রোনগুলো মিয়ানমারের দিক থেকে উড়ানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “আজ সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা গেছে। ধারণা করছি এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এ পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।”
দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম জানান, “আজ রাতে আকাশে দুটি ড্রোন উড়তে দেখে লোকজন জড়ো হন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে এবং আরাকান আর্মির হতে পারে।”
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের ড্রোন কার্যক্রম বাংলাদেশের আকাশসীমা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্ত নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









